এস টেলিভিশনের এক টকশোতে প্রকাশ্যে মাসুদ কামাল নামের একজন সাংবাদিক চিকিৎসক সমাজকে "চামার" বলে সম্বোধন করেছেন। যা চিকিৎসক সমাজকে ব্যথিত ও অবাক করেছে।
মাসুদ কামাল সম্ভবত ভুলে গেছেন এই "চামাররাই" করোনা মহামারির সময়ে আপনার অথবা আপনাদের পরিবারের বা কাছের সদস্যদের চিকিৎসা প্রদান করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। পিপিই ছাড়া নিজেদের জীবনকে বাজি রেখে পরিবার থেকে বিদায় নিয়ে হাসপাতালে ডিউটিতে এসেছিলেন। দীর্ঘ সময় ডিউটি করে যখন বাসায় ফিরেছিলেন তখন দরজার বাইরে দাঁড়িয়ে দূর থেকেই বাচ্চার মুখ দেখেছিলেন। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান কতজন লাশ হয়ে ফিরেছেন তার হিসাব কি তিনি জানেন?
সরকারি হাসপাতালগুলোতে বেডের তুলনায় কয়েকগুণ রোগী ভর্তি থাকেন। একেকজন চিকিৎসককে ১৫০-২০০ রোগী বা কখনো কখনো তারও বেশী রোগী দেখতে হয়। পর্যাপ্ত লোকবল নেই, সুযোগ-সুবিধা নেই। এরপরেও তারা ওনার চোখে চামার।
তারপরও চিকিৎসকরা তাদের সর্বোচ্চ দিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। অনেক গরীব রোগীকে বিনা পয়সায় চিকিৎসা ও বিভিন্নভাবে সহযোগিতা করেন, কিন্তু সেই খবর দুঃখজনক হলেও সত্য মাসুদ কামালদের কাছে পৌঁছায় না।
এইতো কিছুদিন আগেই রোগীকে বাঁচাতে গিয়ে শরীয়তপুরে মারধরের শিকার হোন চিকিৎসক ডাক্তার নাসির। এরপর আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় শিফট করা হয়। এমন নিরাপত্তাহীনতায় চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেবার পরেও মাসুদ কামালের মুখে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে কোন কথা শোনা যায়না।
আপনি যেভাবে পুরো চিকিৎসক সমাজকে এই শব্দ দিয়ে এক কাতারে এনেছেন এটা শুধু দুঃখজনক ই না বরং চরম ধৃষ্টতা। যদি ধরেও নিই হাতেগোনা কিছু চিকিৎসক আপনার যুক্তিতে চামার তবুও এর দায় পুরো চিকিৎসক সমাজকে দেওয়া অযৌক্তিক ও আপত্তিকর।
ডা. কামরুজ্জামান নাবিল
চিকিৎসক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট